কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ থাকার কারণ জানালেন: রেলপথমন্ত্রী
- আপডেটঃ ০৪:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ৯৩৫ বার পঠিত
সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচল করা প্রথম ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেন। এ ট্রেন আবারও চালু হবে আগামী ১২ জুন।
আজ শনিবার (১ জুন) রাজবাড়ীর পাংশায় ‘লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর’ উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথমন্ত্রী বলেন।
রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, লোকোমাস্টারের অভাবে কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটি আগামী ১২ তারিখে চালু করা হবে। তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে এবারও ক্যাটল ট্রেন চালু থাকবে।
তিনি আরও বলেন, আজকে মোংলা-বেনাপোল নতুন একটি ট্রেন সার্ভিস চালু হয়েছে। এটাও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান।
পাংশা উপজেলা পরিষদ ভবন চত্বর এলাকায় এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডল, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার প্রমুখ।










