রোববার খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান
- আপডেটঃ ০৫:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / ৮৯৫ বার পঠিত
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী রোববার (১৮ আগস্ট) থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী রোববার (১৮ আগস্ট) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সব সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর, সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ সিন্ডিকেট সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হয়েছে।










