আমিরাতে বিক্ষোভ করা সেই ৫৭ বাংলাদেশি ক্ষমা পেলেন
- আপডেটঃ ০৩:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৯৭ বার পঠিত
বৈষম্যবিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন দেশটির আদালত। দণ্ডিত ওই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি।তাদের ক্ষমার আদেশ দিয়ে দেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান তাদেরকে ক্ষমা করেছেন। ওই বাংলাদেশিদেরকে শিগগিরই বাংলাদেশে পাঠানো হবে।
কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গেল ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন। ওই ঘটনার পর ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানায়, ইউএই’র অ্যাটর্নি-জেনারেল চ্যান্সেলর ড. হামাদ আল শামসি সাজা কার্যকর বন্ধ এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন।
অ্যাটর্নি-জেনারেল সংযুক্ত আরব আমিরাতের সব বাসিন্দাকে সে দেশের আইনকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে, মতামত প্রকাশের অধিকার রাষ্ট্র এবং এর আইনি কাঠামো দ্বারা সুরক্ষিত।
তিনি আরও বলেরন, রাষ্ট্র মতামত প্রকাশের জন্য আইনানুগ উপায় সরবরাহ করে এবং এই অধিকারটি নিশ্চিত করে, যাতে জাতি ও এর জনগণের স্বার্থের ক্ষতি হতে পারে এমন কর্মে পরিণত না হয়।










