‘কাউন্টডাউন শুরু’ স্ট্যাটাস দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট বরখাস্ত
- আপডেটঃ ০৫:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ৮২৩ বার পঠিত
অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার কারণে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে এবার সাময়িক বরখাস্ত করেছে সরকার।
আজ সোমবার (০৭ অক্টোবর) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার (০৬ অক্টোবর) উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। উর্মির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
তাপসী তাবাসসুম উর্মি গত শনিবার (০৫ অক্টোবর) ফেসবুকে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
পরে স্ট্যাটাস বিষয়ে জানতে চাইলে উর্মি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়া।
নিজের স্ট্যাটাসের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তিনি বলেন, ‘আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে। এর জন্য যদি আমার চাকরি চলে যায়, আমার সমস্যা নাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা, এর মানে কি? তাহলে তো আমি মনে করি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে, আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো।’
তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস মিলেছে। এছাড়াও আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি।










