ছাত্র-জনতার দখলে জিরো পয়েন্টে, সতর্ক অবস্থানে পুলিশ-সেনাবাহিনী
- আপডেটঃ ১২:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ৮৬২ বার পঠিত
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন চত্বরে জড়ো হতে শুরু করেছে ছাত্র-জনতা। এসময় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবস্থান করতে দেখা গেছে। সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের। সকাল থেকেই তারা এখানে টহলরত রয়েছেন।
আজ রোববার (১০ নভেম্বর) সকালেও গুলিস্তান এলাকায় ছাত্র-জনতার অবস্থান দেখা গেছে।
এদিন সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে জিরো পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এরপর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো সেখানে শ্রদ্ধা জানাতে শুরু করেছে।
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে গুলিস্তানে নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাত থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী।
এর আগে গতকাল শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ১০ নভেম্বর বিকেলে ৩টার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়। গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি।
আওয়ামী লীগের এই কর্মসূচি ঘোষণার পরপরই ছাত্রলীগকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে কঠোরভাবে দলটির কর্মসূচি প্রতিহতের হুঁশিয়ারি দেয় ছাত্র-জনতা। কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।










