বায়ুদূষণে বিপর্যস্ত ভারতের দিল্লি, ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’
- আপডেটঃ ১২:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / ৮৯১ বার পঠিত
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বেশ কয়েক দিন ধরেই ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত ভারতের দিল্লি শহর। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসেও নেই স্বস্তির খবর। কয়েক দিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে মেগাসিটি ঢাকা।
আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৪৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উঠেছে এসেছে রাজধানী ঢাকা, যা দূষণের দিক থেকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বায়ু দূষণের এ তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৪৮১। ৩৫২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। । চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৮৯।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা আইকিউএয়ার স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।










