ঢাকার বাতাসে আজ বছরের সর্বোচ্চ দূষণ, বাতাস ‘দুর্যোগপূর্ণ’
- আপডেটঃ ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ৮১৪ বার পঠিত
বায়ুদূষণে গতকাল বুধবার (০৪ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্বের ১২৬ দেশের মধ্যে শীর্ষে ছিল। আজ বৃহস্পতিবারও অবস্থান ধরে রেখেছে ঢাকা। তবে আজ ঢাকার বায়ু যতটা দূষিত, চলতি বছর আগে তা কখনো হয়নি। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে আজ সকাল ৯টার দিকে ঢাকার স্কোর ছিল ২৭৫। এ মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের ওয়েবসাইটে এ চিত্র দেখা যায়।
আজ সকালে বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণে ২৩২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর আছে আর ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, ২০৪ স্কোর নিয়ে আছে তৃতীয় অবস্থানে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আর সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।










