ভারতীয় হাইকমিশনের দিকে বিএনপির পদযাত্রা
- আপডেটঃ ০১:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / ৮৩২ বার পঠিত
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ভারতের দূতাবাস অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি কর্মসূচি শুরু হয়েছে।
আজ রবিবার (০৮ ডিসেম্বর) পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতি মুহূর্তে প্রতিবেশী দেশে বসে ফ্যাসিবাদ নাশকতার বিভিন্ন চেষ্টা করছে। তাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে দেশের অখণ্ড রাখতে হবে।
এতে উপস্থিত নেতাকর্মীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ’, ‘এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘ওয়াসিম-সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ‘স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপস নয়’, ‘বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নয়’, ‘সবার উপরে দেশ, আমার প্রিয় বাংলাদেশ’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ অন্যান্য নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশ নিয়েছেন।










