বায়ুদূণের শীর্ষে ভারতের দিল্লি, পরের অবস্থানেই ঢাকা
- আপডেটঃ ১২:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ৮১২ বার পঠিত
নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না ঢাকার বায়ুমানে। রাজধানীর বাতাস আজও অত্যন্ত অস্বাস্থ্যকর। ২৮৭ তে পৌঁছেছে শহরটির আজকের বায়ুমান। স্কোর আর মাত্র ১৩ পেরোলেই বিপজ্জনক বলে গণ্য হবে ঢাকার বাতাস।
আজ রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ১৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪৯৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর এবং ২৯১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া ২৮৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো এবং পঞ্চম অবস্থানে থাকা ঘানার রাজধানী আক্রার স্কোর ২৬৯।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।










