বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৬দিনের কর্মসূচি ঘোষণা
- আপডেটঃ ০২:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ৯১৩ বার পঠিত
জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে আগামী ০৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে যৌথভাবে জনসংযোগ চালাবেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
আজ শনিবার (০৪ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এইসব কথা জানান হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশনের (ঘোষণাপত্র) দাবি জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার এর পক্ষে ঘোষণা দিয়েছে। এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল, আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফল ঘটবে।
হাসনাত বলেন, ফ্যাসিবাদী সরকার সব মানুষের টুঁটি চেপে ধরেছিল। আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, সব পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও বলেন, সরকার ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেয়নি। অভ্যুত্থানের সব অংশীজনের সঙ্গে আলোচনা প্রয়োজন। আমাদের আহ্বান থাকবে, এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শিগগিরই কাজ শুরু করবে। সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।










