ফের ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- আপডেটঃ ১২:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৮৪০ বার পঠিত
বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন বেড়েই চলেছে বায়ুদূষণ। বিশেষ করে শুষ্ক মৌসুমে এটা আরও বেড়ে যায়।মেগাসিটি ঢাকার ২ কোটিরও বেশি বাসিন্দা এই বিপজ্জনক বায়ুদূষণের মধ্যে বসবাস করছেন। দূষণের দিক থেকে ঢাকার বাতাস পঞ্চম নম্বরে। যা ভয়াবহ হিসেবে বিবেচনা করা হয়। আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকাতে পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।
আইকিউএয়ারের তালিকাতে একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকাতে শীর্ষে ৩১২ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২০২। এ ছাড়া ১৯০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা শহর এবং পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যার স্কোর ১৮৬।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।










