বায়ুদূষণে শীর্ষ পাঁচে ভারতের তিন শহর, দ্বিতীয় অবস্থানেই ঢাকা
- আপডেটঃ ১২:৪০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ৯৪০ বার পঠিত
বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকায় আজ দ্বিতীয় স্থানে অবস্থান করছে ঢাকা। আজ খুবই ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস। অন্যদিকে দূষণের তালিকার শীর্ষ পাঁচে অবস্থান করছে প্রতিবেশী ভারতেরই তিন শহর, যার মধ্যে একেবারে শীর্ষে আছে পশ্চিমবঙ্গের কলকাতা।
আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৩০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩৪৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের কলকাতা শহর। এ ছাড়া ২১৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই, ২১৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর দিল্লি এবং পঞ্চম অবস্থানে থাকা উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের স্কোর ১৯০।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুসারে, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। শুধু বায়ুদূষণের কারনেই প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায় বিশ্বব্যাপী।










