বায়ুদূষণের শীর্ষে ভারতের দুই শহর, ঢাকার অবস্থান কত?
- আপডেটঃ ১২:১৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৮৮৮ বার পঠিত
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। সেই সাথে শীত এলেই বায়ুমানের চরম অবনতি ঘটে রাজধানী ঢাকায়, গত কয়েকদিনের পাশাপাশি যেমনটা পরিলক্ষিত হয়েছে গত ডিসেম্বর জুড়েই। বায়ুদূষণে ঢাকা বিগত ৯ বছরের মধ্যে সবচেয়ে দূষিত ছিল গত ডিসেম্বর। অন্যদিকে বায়ুদূষণের আজ শীর্ষে অবস্থান করছে ভারতের দুই শহর কলকাতা ও দিল্লি ।
আজ রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৮৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২০২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের কলকাতা শহর। এ ছাড়া ১৯১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, আর ১৮০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো এবং পঞ্চম অবস্থানে থাকা গ্রিসের রাজধানী অ্যাথেন্সের স্কোর ১৭৯।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।










