শেখ হাসিনাকে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত: কংগ্রেস নেতা
- আপডেটঃ ০১:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৮৬৫ বার পঠিত
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য অনেক কিছু করেছেন। তাই শেখ হাসিনাকে আমৃত্যু ভারতে থাকতে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন সাবেক কূটনীতিক, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার।
আজ রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, ১৬তম আপিজয় কলকাতা সাহিত্য উৎসবে যোগ দিয়েছিলেন মণি শঙ্কর আইয়ার। সেখানে অনুষ্ঠানের ফাঁকে গতকাল রাতে তিনি ইকোনমিক টাইমসকে সাক্ষাৎকার দেন।
মণি শঙ্কর আইয়ার বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যত দিন ইচ্ছা ভারতে থাকার সুযোগ দেওয়া উচিত। গত মাসে (ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন, যা খুবই ইতিবাচক। আলোচনা অব্যাহত থাকা উচিত এবং দিল্লির সঙ্গে মন্ত্রী পর্যায়ের যোগাযোগ স্থাপন করা দরকার।
সম্প্রতি অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে অনুরোধ করেছে। এ ব্যাপারে মণি শঙ্কর বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা সবাই একমত হব যে—শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাঁকে আশ্রয় দেওয়া হয়েছে। যত দিন তিনি থাকতে চান, এমনকি তা সারা জীবন হলেও, আমাদের তাঁকে অতিথি হিসেবে রাখা উচিত।’
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান হয়। ওই দিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ৭৭ বছর বয়সী শেখ স্বৈরশাসক শেখ হাসিনা।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা প্রসঙ্গে মণি শঙ্কর আইয়ার বলেন, ‘হিন্দুদের ওপর হামলার ঘটনা সত্য হলেও, অনেক ক্ষেত্রে এগুলো রাজনৈতিক মতপার্থক্যের কারণে সৃষ্ট।’










