ঘোষণাপত্রের বৈঠকে যোগ দিচ্ছে বিএনপির এক সদস্যের প্রতিনিধি
- আপডেটঃ ০৩:৫৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ৮২৬ বার পঠিত
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আজ বিকেলে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে এক সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। এতে অংশ নেবে বিএনপি। ইতোমধ্যে সে প্রস্তুতিও শুরু করেছে দলটি।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটায় এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, সংলাপে অংশ নিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশানের বাসা থেকে কিছু সময়ের মধ্যে রওনা করবেন।
তবে এর কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, বিকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় সভায় অংশ গ্রহণ করা না করা নিয়ে বিএনপির এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। দলের শীর্ষ পর্যায়ে এই নিয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, বিএনপি সর্বদলীয় সভা যাবে না এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কিভাবে অংশ গ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা চলছে। অপেক্ষা করুন।
আজ বিকাল ৪টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে সর্বদলীয় সভা ডেকেছেন। সব রাজনৈতিক দলগুলোকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।
এর দুদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ঘোষণাপত্রে মতামত জানাতে সময় চেয়েছিলেন।










