বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
- আপডেটঃ ১২:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ৮৪৩ বার পঠিত
প্রতিদিনই কোনো না কোনো কারণে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। আজ সকালে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে শহরটির বাতাসের মান।
আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা।
একই সময়ে ৪৫৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ২৯০ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে ভারতের শহর কলকাতা, ২০১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি এবং পঞ্চম অবস্থানে থাকা উগান্ডার কামপালা শহরের স্কোর ১৯৫।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।










