জুলাই আন্দোলনের আসামি গ্রেপ্তারে অনুমতি লাগবে না: হাইকোর্ট
- আপডেটঃ ০৫:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ৮৭১ বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এমন অফিস আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ রায়ের ফলে, অন্তত আগামী তিন মাস পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে না তদন্ত কর্মকর্তাদের।
এর আগে, গত ১০ এপ্রিল বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে উল্লেখ করে একটি অফিস আদেশ জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছিল, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজু করা মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামির সংখ্যা অধিক। এসব মামলার এজাহারভুক্ত কিংবা তদন্তে প্রাপ্ত আসামি গ্রেপ্তারের জন্য উপযুক্ত প্রমাণসহ (ভিকটিম, বাদী, প্রত্যক্ষদর্শী, সাক্ষী, ঘটনা সংশ্লিষ্ট ভিডিও, অডিও, স্থির চিত্র ও মোবাইলের কল লিস্ট বা সিডিআর ইত্যাদি) অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
পরে ডিএমপির এ অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন, যার শুনানি ছিল আজ বুধবার (২৩ এপ্রিল)।










