মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে ইশরাক সমর্থকদের অবস্থান
- আপডেটঃ ০১:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ৮২৯ বার পঠিত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত অবস্থান নিয়েছে ইশরাক হোসেনের কর্মীরা। এ নিয়ে টানা সাতদিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। নগর ভবন ছেড়ে এবার মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন তারা। তাতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ বুধবার (২১ মে) সকাল থেকেই মৎস্য ভবন মোড় ও এর আশপাশে জড়ো হন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদেরকে নানা স্লোগান দিতে দেখা গেছে।
এদিকে ইশরাককে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে দুপুরে আদেশ দেওয়ার কথা রয়েছে।
২০২০ সালের এক ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। গেলো ২৭ মার্চ তাপসের ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের কপি পাওয়ার পর ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু পরামর্শ পাওয়ার আগেই ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।
গত ১৪ মে মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে এ রিটটি দায়ের করেন। রিটে ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়।
পাশাপাশি রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে মেয়র পদে ইশরাককে শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও নির্দেশনা চাওয়া হয়েছে।










