দুই দাবিতে বিক্ষোভে নেমেছে এনসিপি, ইসি ঘিরে কড়া নিরাপত্তা
- আপডেটঃ ০২:২৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ৭৯৯ বার পঠিত
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ অবস্থায় নির্বাচন কমিশনের সুরক্ষা নিশ্চিতের জন্য পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন ভবন ঘিরে।
আজ বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টা থেকে দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি। সমাবেশে স্বাগত বক্তব্য দিয়েছেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ।
গত রাতের সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকাই দায়ী বলে আমরা মনে করি।
নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণের কারণে এনসিপি ইসির ওপর ভরসা রাখতে পারছে না বলেও জানান এনসিপি নেতারা। ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানানো হয়।
এদিকে, এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে সামনে।
কয়েক স্তরে ব্যারিকেড দিয়ে সেখানে নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে পুলিশ ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।










