সেনাবাহিনীর কড়া পাহাড়ায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা
- আপডেটঃ ০৬:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ৭৭৮ বার পঠিত
গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশে অংশ নেওয়ার পর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আবার হামলা চালানো হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এ হামলা হয়। বিকেলে দলটির কয়েকজন নেতাকে সেনাবাহিনীর এপিসিতে উঠতে দেখা যায়।
কড়াপাহাড়ায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়েন। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা রয়েছেন।
এর আগে, আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে সমাবেশ শেষে ফেরার পথে চৌরঙ্গী মোড়ে এনসিপি নেতাদের গাড়িবহরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতারা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন।
এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দফায় দফায় হামলার ঘটনা ঘটছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।










