ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল : আপিল বিভাগ
- আপডেটঃ ০৭:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ৭৮৯ বার পঠিত
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ রোববার (২৭ জুলাই) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে আদেশ দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ।
এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, রাষ্ট্রপক্ষের আপিল (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
এর আগে, ২০১০ সালে এক বক্তব্যকে কেন্দ্র করে মানহানির অভিযোগে গ্রামীণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ইউনূসের নামে মামলাটি করা হয়। মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ সালে তিনি হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট গত বছরের ২৪ অক্টোবর মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন।
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে, যা ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন চেম্বার আদালত লিভ টু আপিলটি ২৭ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় রোববার বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানিতে ছিলেন। অধ্যাপক ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক হোসেন।










