বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- আপডেটঃ ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ৭৭২ বার পঠিত
চলছে শ্রাবণ মাস। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। মৌসুমি বায়ুর সক্রিয়তা থাকার কারণে ঢাকায় আজ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবারও ঢাকায় কম বৃষ্টিপাত হয়েছে।
আজ রোববার (০৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে, দিনের তাপমাত্রা আজ অপরিবর্তিতই থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৯২ শতাংশ।
গতকাল শনিবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।










