হাসনাত-সারজিসসহ শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
- আপডেটঃ ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ৭৭৫ বার পঠিত
বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষস্থানীয় ৫ নেতাকে হঠাৎ কক্সবাজারে দেখা যায়। তাদের কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনার পর তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
আজ বুধবার (০৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
কারণ দর্শানো নোটিশ পাওয়া নেতারা হলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
নোটিশে ৫ আগস্ট এই পাঁচ নেতার ব্যক্তিগত সফরে কক্সবাজারে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়, এই সফর সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে থেকে অবগত করা হয়নি।
তাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব নেতাকে এই সফরের সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
এর আগে, গতকাল মঙ্গলবার (০৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমান থেকে অন্য যাত্রীদের সঙ্গে নেমে এনসিপির পাঁচ নেতা প্রায় ২০ কিলোমিটার দূরে উখিয়ার ইনানী সৈকতের পাঁচ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায় (আগের নাম রয়েল টিউলিপ) যান। হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে নেওয়া হয়।










