রাজধানীতে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- আপডেটঃ ১২:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ৭৮৩ বার পঠিত
রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে হতে পারে হালকা বৃষ্টি। এ ছাড়াও দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা যায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৩ শতাংশ। এছাড়াও গতকাল মঙ্গলবারের (২৬ আগস্ট) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।










