ফেসবুকে ছড়ানো এসএসসির সময়সূচি শিক্ষা বোর্ডের নয়
- আপডেটঃ ১২:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ১০৮৭ বার পঠিত
আগামী বছরের (২০২৪ সাল) এসএসসি ও সমমান পরীক্ষার একটি ভুয়া সময়সূচি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, তারা এখনো অফিসিয়ালি কোনো সময়সূচি প্রকাশ করেনি।
রোববার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হবে। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। ইতিমধ্যে ফেসবুক ও বিভিন্ন অনলাইনের মাধ্যমে ছড়িয়ে পড়া এসএসসি পরীক্ষা ২০২৪–এর সময় সময়সূচি দেখা যাচ্ছে, যা ঢাকা শিক্ষা বোর্ডের ইস্যু করা বা প্রকাশিত নয়। সময়সূচি চূড়ান্ত হলে সব বোর্ডের ওয়েবসাইটে ও জাতীয় পত্রিকাগুলোর মাধ্যমে জানা যাবে।
ভাইরাল সময়সূচিতে দেখা যাচ্ছে, আগামী ১১ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে পরীক্ষা। এরপর আগামী ৫ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা দিয়ে শেষ হচ্ছে এ পরীক্ষা।
আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এনসিটিবি প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।২০২৪ সালের এইচএসসি ও সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।










