ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
- আপডেটঃ ০৪:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ১১৫৬ বার পঠিত
ইতালির উত্তরাঞ্চলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গতি কম থাকায় বড় কোনো ক্ষতি হয়নি।
রোববার (১০ ডিসেম্বর) রাতে দেশটির বোলোগনা ও রিমিনি শহরের মধ্যকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, এদিন ফেনজা ও ফোর্লি এলাকার মাঝামঝি একটি উচ্চগতির ট্রেন এবং একটি আঞ্চলিক ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন।
ইতালির উপপ্রধানমন্ত্রী ও পরিবহণমন্ত্রী মাত্তেও সালভিনি জানিয়েছেন, তিনি ঘটনাটির ওপর নজর রাখছেন। কী ঘটেছে সে বিষয়ে আরও তথ্য এবং দায়ীদের সম্পর্কে জানতে চেয়েছেন সালভিনি।
তবে জাতীয় ট্রেন অপারেটর ট্রেনইতালিয়ার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আহতরা ‘সামান্য আঘাত’ পেয়েছেন, বেশিরভাগই কাটাছেঁড়ার মতো ক্ষত। তিনি জানান, এটি খুবই কম গতির সংঘর্ষ ছিল। ঘটনার তদন্ত চলছে।ফায়ার সার্ভিসে প্রকাশিত ছবিতে দেখা যায়, মুখোমুখি সংঘর্ষে উচ্চগতির ট্রেনের মাথা দুমড়েমুচড়ে গেলেও আঞ্চলিক ট্রেনটি অক্ষত রয়েছে।
এ ঘটনার মাত্র ০৩ (মাস) আগেই ইতালিতে ট্রেনের ধাক্কায় ০৫ জন রেলওয়ে কর্মী প্রাণ হারিয়েছিলেন। গত ৩১ আগস্ট রাতে মিলান-তুরিন রেললাইনে সংস্কারকাজের সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা।
ইউরোপীয় দেশটিতে এর আগে প্রাণঘাতী রেল দুর্ঘটনা ঘটেছিল ২০২০ ও ২০১৮ সালে। সেই সময় মিলানেতে দুটি ট্রেন লাইনচ্যুত হলে দুই রেলওয়ে কর্মী ও তিন নারী সহ পাঁচজন নিহত এবং ১৩১ যাত্রী আহত হন।










