গাজীপুরে ২৫০ মিটারজুড়ে এলোমেলো পড়ে আছে সাতটি বগি
- আপডেটঃ ০৩:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ৯৫৭ বার পঠিত
গাজীপুরের ভাওয়াল এলাকায় নেত্রকোনা থেকে ঢাকামুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আজ বুধবার ভোর চারটার দিকে লাইনচ্যুত হয়। আজ সকালে দুর্ঘটনাস্থল গিয়ে দেখা যায়, প্রায় আধা কিলোমিটার জনবসতিশূন্য এলাকায় ২৫০ মিটারজুড়ে এলোমেলো পড়ে আছে ৭টি বগি।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে গাজীপুর জেলা প্রসাশক এ তথ্য জানান।
ঘটনাস্থলে, ইঞ্জিন ও চারটি বগি পড়ে ছিল রেললাইনের পূর্ব দিকে। বাকি বগিগুলো লাইনের পশ্চিমে পড়ে ছিল। সবশেষ বেলা সাড়ে ১১টার দিকে একটি এক্সকাভেটর মেশিনের সাহায্যে দুটি বগি লাইন থেকে সরানো হয়েছে। এ ছাড়া ঢাকা থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে উদ্ধারকারী ট্রেন। ঘটনাস্থলের বিশাল এলাকা ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দুর্ঘটনাস্থলের পাশের ভাওয়াল গাজীপুর এলাকার বাসিন্দা এক অটোরিকশাচালক বলেন, ‘ঘুমাইয়া ছিলাম। হঠাৎ বিকট আওয়াজে ঘুম ভাঙে। টর্চলাইট নিয়া বাইর হইয়া শুনি কান্নাকাটির আওয়াজ। কাছে গিয়া দেখি একদম কেয়ামত হয়ে গেছে। ট্রেনের বগিগুলা এলোমেলো হইয়া পইরা আছে। যাত্রীদের চিৎকারে তহন আশপাশের শত শত লোকজন দৌড়াইয়া আসে। যে যার মতো উদ্ধার করে।
ট্রেন দুর্ঘটনায় ১ জন যাত্রী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
গাজীপুর জেলা প্রসাশক আরও জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।










