চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৪ জন
- আপডেটঃ ০৪:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ৯৮৪ বার পঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে আরও ২৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে তিন দিনে ১৬৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
নির্বাচনে প্রার্থিতা নিয়ে আজ বুধবার আপিল শুনানির চতুর্থ দিনে প্রথম ভাগে তাদের প্রার্থিতা ফিরিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
আজ দুপুর ১টা পর্যন্ত ৫৯টি আপিল আবেদনের শুনানি হয়েছে। ২৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।দুজন প্রার্থিতা বাতিল হয়েছে। একটি আবেদনের সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। আর ৩২ জনের আবেদন নামঞ্জুর হয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।
ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হকের প্রার্থিতা বহালই থাকছে। তাঁর মনোনয়নপত্র বাতিল চেয়ে করা আপিল আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। তাঁর মনোনয়নপত্র বাতিল চেয়ে ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান আপিলটি করেছিলেন।










