আয় কমেছে ৯০ শতাংশ আইসিবির
- আপডেটঃ ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / ৯১৯ বার পঠিত
রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে মূলধনি আয় কমেছে ৮৯ দশমিক ৯৫ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মূলধনি আয় হয়েছে ১৫ কোটি ৭৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৫৬ কোটি ৯৫ লাখ টাকা। প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, আইসিবির কার্যক্রম শেয়ারবাজারকেন্দ্রিক হওয়ায় এখাত থেকে সবচেয়ে বেশি আয় করে। ফলে শেয়ারবাজারের মন্দা পরিস্থিতি ও লেনদেনের নিম্নমুখিতার কারণে মূলধনি আয় কমেছে প্রতিষ্ঠানটির।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির কর-পরবর্তী সমন্বিত নিট লোকসান হয়েছে ২৩৬ কোটি ৫২ লাখ টাকা। আগের অর্থবছরের একই প্রান্তিকে যেখানে সমন্বিত নিট মুনাফা হয়েছিল ২০ কোটি ৭৯ লাখ টাকা।২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে আইসিবির এককভাবে নিট লোকসান হয়েছে ২৪৪ কোটি ৮৬ লাখ টাকা, আগের অর্থবছরের একই প্রান্তিকে একক নিট মুনাফা ছিল ৯ কোটি ১৩ লাখ টাকা।
আলোচ্য অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ টাকা ৮০ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছিল ২৫ পয়সা।গত ৩০ সেপ্টেম্বর শেষে আইসিবির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৫৬ পয়সা।
আইসিবি সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য আড়াই শতাংশ ক্যাশ ও আড়াই শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে বোনাস ডিভিডেন্ড শেয়ার প্রিমিয়াম থেকে ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে শেয়ার প্রিমিয়ামের পরিবর্তে রিটেইন্ড আর্নিংস থেকে বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
সমাপ্ত ২০২৩ অর্থবছরে ৭৭ কোটি ৫৮ লাখ টাকা কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা করেছে আইসিবি। যেখানে আগের অর্থবছরে নিট মুনাফা ছিল ১৪৪ কোটি ৫৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির নিট মুনাফা কমেছে ৪৬.৩৪ শতাংশ। আলোচ্য অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ৭১ পয়সা।
এ বছরের ৩০ জুন শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৩ টাকা ৩৪ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৫২ টাকা ৯৪ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৯ নভেম্বর।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে আইসিবির পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে আইসিবির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৪৪ কোটি ৫৮ লাখ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ১১৫ কোটি ৩৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৫ দশমিক ৩৬ শতাংশ।
ঘোষিত ডিভিডেন্ড ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট ছিল ২৯ নভেম্বর।










