নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির
- আপডেটঃ ০৩:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ১১৭১ বার পঠিত
ক্ষমাতসীন সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়ে ও সরকার পতনের এক দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এবার অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সেইসাথে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানিয়ে আদালতে হাজিরা না দিতেও আহ্বান জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন।
তিনি বলেন, সরকারকে সব প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম, বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলুন। রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্তরা মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন।
রিজভী বলেন, জনগণের আন্দোলনের ফলে দেশে সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে এসব অসহযোগিতায় ক্ষতিগ্রস্তরা যথাযথ ক্ষতিপূরণ এবং সুবিচার পাবেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অনেক সাথী জীবন দিয়েছেন, গুম হয়েছেন, বন্দি ও আহত হয়েছেন। কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে ও চলবে। জনগণের গণতান্ত্রিক আন্দোলন ও লড়াইয়ের বিজয় অবশ্যম্ভাবী ও অনিবার্য।
সরকার পদত্যাগসহ নানা দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছে বিএনপি। এরই অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। কিন্তু কিছু সময় পরই পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হলে সমাবেশ পণ্ড হয়। তখন মঞ্চ থেকে পরদিন হরতাল পালনের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এর অংশ হিসেবে কয়েক দফা হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ন্যায্য দাবির প্রতি অটল থেকে এই আসন ভাগাভাগির তামাশাপূর্ণ ডামি নির্বাচন বর্জন করার আহ্বান জানাচ্ছি। জনগণের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন সফল হবে না। শুধু নিজেদের অনুপস্থিতি দিয়ে গণতন্ত্রকামী জনগণ নির্বাচনের নামে এই নোংরা খেলা ব্যর্থ করে দেবেন। ফলে শিগগিরই জনগণের অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল বিএনপি নেতা রিজভী বুধবার নতুন কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।










