মেরিন একাডেমিতে ভর্তিতে আবেদনের সময় বাড়ল
- আপডেটঃ ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১১০৮ বার পঠিত
মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মেরিন একাডেমি (বিএমএ) চট্টগ্রামসহ সরকারি/বেসরকারি মেরিটাইম শিক্ষাপ্রতিষ্ঠানে মেরিন ক্যাডেট (নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং) প্রশিক্ষণ কোর্সে ২০২৩-২৪ সেশনে ভর্তির জন্য অনলাইনে আবেদনপপত্র আহ্বান করেছে নৌপরিবহন অধিদপ্তর। এ বছরও এসব একাডেমিতে নৌপরিবহন অধিদপ্তরের অধীনে অভিন্ন প্রশ্নপত্রের আলোকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ৫ ডিসেম্বর থাকলেও পরবর্তীতে তা এক মাস বাড়িয়ে ৫ জানুয়ারি করা হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণ কোর্সের জন্য অধিদপ্তরের ওয়েবসাইট মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে কোনো সমস্যা হলে www.dos.gov.bd তে ঢুঁ মারতে হবে।
শিক্ষাগত ও শারীরিক যোগ্যতাঃ
এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ হতে হবে। এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ এবং ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। ইংরেজিতে জিপিএ ৩-এর কম থাকলে আইইএলটিএস (IELTS) পরীক্ষায় সামগ্রিকভাবে ৫ দশমিক ৫ স্কোর থাকতে হবে। ইংলিশ মিডিয়াম অক্সফোর্ড পাঠ্যক্রমের ক্ষেত্রে পদার্থবিদ্যা ও গণিতসহ ন্যূনতম সি (C) গ্রেডে A-Level সনদপ্রাপ্ত এবং পদার্থবিদ্যা, গণিত, ইংরেজিসহ কমপক্ষে ৫টি বিষয় নিয়ে ন্যূনতম C গ্রেডে O-Level সনদপ্রাপ্ত অথবা সমমানের হতে হবে।
ন্যূনতম উচ্চতা ও ওজন: পুরুষ ৫’ ৪” এবং মহিলা ৫’ ২”। ওজন বিএমআই চার্ট মোতাবেক ন্যূনতম ১৭ থেকে সর্বোচ্চ ২৫ (যেমন ৫’ ৪”: ৪৫-৬৬ কেজি বা ৫’ ৬”: ৪৮-৭০ কেজি)। খালি চোখে নটিক্যাল ক্যাডেটদের জন্য ৬/৬; ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য ৬/১২ (চশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে) আবেদনকারীকে অবশ্যই বর্ণান্ধতামুক্ত হতে হবে।এ বছরের ৩১ ডিসেম্বরে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২২ বছর (পুরুষ/নারী)।
লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরে হবে। লিখিত পরীক্ষার পাস নম্বর ৪০ শতাংশ।
এবার সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম (আসন পুরুষ ১৬০, নারী ২০ জন); বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা (আসন পুরুষ ৭০ জন); বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল (আসন পুরুষ ৭০ জন); বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর (আসন পুরুষ ৭০ জন); বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট (আসন পুরুষ ৭০ জন)। মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম (আসন পুরুষ ৭০ জন, নারী ১০ জন)। ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা (আসন পুরুষ ৫০ জন); ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি, ঢাকা (আসন পুরুষ ৫০ জন) এবং মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম (আসন পুরুষ ৪৪ জন)। প্রয়োজনীয়তা বিবেচনা করে সরকার আসন কমবেশি করতে পারে।










