ঢা.বি ভর্তি, আবেদনে যে ৫ ধাপ অনুসরণ করতে হবে
- আপডেটঃ ১১:৫০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ৯৭৪ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন চলছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কয়েকটি ধাপের কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এসব পরামর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের ভর্তির জন্য আবেদন করতে বলা হয়েছে।
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে আবেদন কীভাবে করবেন শিক্ষার্থীরা, তার বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে।
আবেদনের জন্য পাঁচটি ধাপের কথা বলা হয়েছে। এগুলো হলো
লগইন ও বিস্তারিতঃ
১।লগইন করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে—মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রোল, শিক্ষা বোর্ড।
২। প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা (যে ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থী), বর্তমান ঠিকানা, মুঠোফোন নম্বর, ই-মেইল (অবশ্যই ব্যক্তিগত), পিতামাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক) ও পেশা, কোটা (বিস্তারিত ভর্তি নির্দেশনায়), যে বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছুক।
৩। প্রস্থ ৩৬০-৫৪০ পিক্সেল, উচ্চতা ৫৪০-৭২০ পিক্সেল,সাইজ: ৩০-২০০ কেবি, টাইপ: .jpg or .jpeg
৪। টেলিটক, বাংলালিংক, রবি ও এয়ারটেলের মুঠোফোন থেকে খুদে বার্তা (এসএমএস) করা যাবে। এ ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে।
৫।শেষে আবেদন ফি জমা দিতে হবে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে ফি জমা দেওয়া যাবে। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনপ্রক্রিয়া চলবে আগামী বছরের ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ৮ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৯ মার্চ।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে চারটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট। ৮ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০৫০ টাকা। শিক্ষার্থীরা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী বা রুপালীর যেকোনো শাখায় টাকা জমা দিতে পারবেন। এছাড়া অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং বিকাশ ও নগদসহ মোবাইলে লেনদেনকারী ফিনান্সিয়াল সেবা ব্যবহার করেও ফি জমা দিতে পারবেন।বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা
সভার সিদ্ধান্ত অনুযায়ী, চারুকলা ইউনিট ছাড়া অন্য ইউনিটগুলোয় ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। চারুকলা ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় থাকবে। অন্য ইউনিটগুলোয় বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় থাকবে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।
২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
ভর্তি-ইচ্ছুক আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হচ্ছে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএর যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩ দশমিক ৫০, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫০ এবং আলাদাভাবে ৩, ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫০ এবং আলাদাভাবে ৩ এবং চারুকলা ইউনিটের জন্য দুই জিপিএর যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫০ এবং আলাদাভাবে ৩ হতে হবে।
সর্বশেষ শিক্ষাবর্ষ (২০২২-২৩) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিটের অধীন ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। এর আগের শিক্ষাবর্ষ পর্যন্ত ইউনিট ছিল পাঁচটি৷ তখন ইউনিটগুলোর নাম ছিল: ক, খ, গ, ঘ ও চ৷ গত শিক্ষাবর্ষ থেকে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা’ নামে এ পরীক্ষার নামকরণ করা হয়। তার আগে এর নাম ছিল ‘স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা’।










