সাত খাতের শেয়ার লেনদেন ৪৪৩ কোটি টাকা
- আপডেটঃ ০৪:০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ১০০৫ বার পঠিত
দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে সাত খাতের শেয়ার লেনদেন ৪৪৩ কোটি টাকা বেড়েছে। খাতগুলো হলো ওষুধ ও রসায়ন, বস্ত্র, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পাট ও টেলিকম। আলোচ্য সপ্তাহে এ সাত খাতে ১ হাজার ২৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮৬৯ কোটি টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, গত সপ্তাহে শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে শেয়ার লেনদেন হয়েছে ৪৮৭ কোটি টাকা, আগের সপ্তাহে যা ছিল ৪৩১ কোটি ৫ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে বস্ত্র খাতে লেনদেন হয়েছে ৪৩৬ কোটি ৯ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ২৬৮ কোটি ৫ লাখ টাকা।
এছাড়া গত সপ্তাহে মিউচুয়াল ফান্ড, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে যথাক্রমে ২২২ কোটি ২ লাখ, ৬৮ কোটি ২৫ লাখ ও ৩৪ কোটি ৮৫ লাখ টাকা। আগের সপ্তাহে এ তিন খাতে লেনদেন ছিল যথাক্রমে ৮৭ কোটি ৯ লাখ, ৪১ কোটি ২৫ লাখ ও ২০ কোটি ৫ লাখ টাকা। এছাড়া গত সপ্তাহে পাট ও টেলিকম খাতে শেয়ার লেনদেন হয়েছে যথাক্রমে ২৩ কোটি ৭৫ লাখ ও ৩৫ লাখ টাকা, আগের সপ্তাহে এ দুই খাতে যা ছিল যথাক্রমে ১৯ কোটি ও ৩০ লাখ টাকা।
শেয়ারবাজারে পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় দশমিক ২৮ শতাংশ কমে ৬ হাজার ২৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ হাজার ২৬৭ পয়েন্টে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে দশমিক ৬০ শতাংশ কমে ২ হাজার ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১০৭ পয়েন্টে।
শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক শূন্য ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৩৬৪ পয়েন্টে। ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪০৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত ছিল ২১০৬টির। এছাড়া লেনদেন হয়নি ১৭টির।
ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২ হাজার ৯২৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল ২ হাজার ৯৮১ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে সাপ্তাহিক লেনদেন কমেছে ১ দশমিক ৮১ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ৫৮৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৫৯৬ কোটি ৩৫ লাখ টাকা।
গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ দশমিক ৮ শতাংশ দখলে নিয়েছে প্রকৌশল খাত। ১৫ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। মোট লেনদেনের ৮ দশমিক ১ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড। খাদ্য খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ২ শতাংশ।










