আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে ১১ বিষয়ে অগ্রাধিকার
- আপডেটঃ ১২:৪৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ১২৪০ বার পঠিত
‘স্মার্ট বাংলাদেশ’ থিমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করছেন দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এবারের ইশতেহারের স্লোগান রাখা হয়েছে ‘উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান’।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়েছে। সেখানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ ইশতেহার ঘোষণা করছেন। বেলা ১১টা ২০ মিনিটে শেখ হাসিনা তাঁর বক্তব্য শুরু করেন।
আওয়ামী সভাপতি শেখ হাসিনা তাঁর বক্তব্যের শুরুতে সরকারের অর্জনগুলো তুলে ধরেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন কেউ দাবায়ে রাখতে পারবে না। বাঙালিদের কেউ দাবিয়ে রাখতে পারেনি।
মাথাপিছু আয়, জিডিপি ও বাজেটের আকার, বিদ্যুৎ, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা খাতের সরকারের অর্জনগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ইশতেহার প্রণয়ন কমিটির প্রধান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। এরপর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য সব মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, কর্মসংস্থান বাড়ানোসহ ১১টি বিষয়কে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সেগুলো হলো:
১. দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার সর্বাত্মক প্রচেষ্টা।
২. কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান।
৩. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ।
৪. সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াযাতে বিনিয়োগ বৃদ্ধি।
৫. দৃশ্যমান অবকাঠামো বৃদ্ধি করে শিল্পের প্রসার।
৬. ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি।
৭. নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা সুলভ।
৮. সর্বজনীন পেনশনে সকলকে যুক্ত করা।
৯. আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত।
১০. সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গীবাদ রোধ।
১১. সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো।
এ ছাড়াও তৃতীয় লিঙ্গের মানুষদের মৌলিক অধিকার নিশ্চিতেও জোর দেবে আওয়ামী লীগ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য প্রধানমন্ত্রীর লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিষয়গুলো ইশতেহারে স্থান পেয়েছে।
প্রসঙ্গত, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের স্লোগান ছিল ‘দিন বদলের সনদ’। এরপর ২০১৪ সালে ছিল ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’। ২০১৮ সালে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটির ইশতেহারে স্লোগান ছিল, ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’।










