রাজশাহী মেডিকেল কলেজের ওটিতে ভুয়া চিকিৎসক
- আপডেটঃ ০২:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ১০২৪ বার পঠিত
কিছুদিন আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া নারী চিকিৎসক আটক হয়েছেন।সপ্তাহ না যেতেই আর একজন ভুয়া চিকিৎসক আটক।
গতকাল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সামিউর রহমান (২৫) নামে এক ভুয়া চিকিৎসক আটক হয়েছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তাকে আটক করে পুলিশে সোর্পদ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটক সামিউর নগরীর বোয়ালিয়া থানার উপভদ্রা এলাকার রাশেদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রামেকের অপারেশন থিয়েটারের সামনে সামিউল ইসলাম মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে হ্যান্ড গ্লাভস ও ইনজেকশন সিরিজ নিয়ে রোগী দেখার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। এর আগে জরুরি বিভাগে মাস্ক না পেয়ে বকাঝকাও করেন দায়িত্বরত এক অ্যাসিস্ট্যান্টকে। আচরণ সন্দেহজনক হওয়ায় পরিচয় জানতে চাইলে নিজেকে মেডিসিন বিভাগের চিকিৎসক বলে দাবি করেন সামিউল। এ সময় অসংলগ্ন কথাবার্তা বলায় তাকে পুলিশ বক্সে ধরে নিয়ে যান আনসার সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহাম্মদ জানান, সামিউর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্র ছিলেন। একসময় রামেক হাসপাতালে ইন্টার্নশিপ করেছেন। এ কারণে হাসপাতালের কোথায় কি আছে তিনি জানেন। সামিউর চিকিৎসকের ভুয়া কার্ড তৈরি করে হাসপাতালে এসেছিলেন। তার কাছ থেকে দুটি ভুয়া আইডি কার্ড এবং একটি জ্বর পরীক্ষা করার যন্ত্র পাওয়া গেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ভুয়া চিকিৎসক সামিউরকে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে।
এর আগে গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে মুনিয়া খান রোজা (২৫) নামে এক ভুয়া গাইনি চিকিৎসককে আটক করা হয়। পরে রোববার তাকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।










