বছরের শেষ ও প্রথম দিন কর্মসূচি দিল বিএনপি
- আপডেটঃ ০৩:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ১০৮৫ বার পঠিত
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ফের দুদিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ শনিবার দুপুরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
আগামীকাল রবি ও সোমবার এ কর্মসূচি পালন করবে দলটি।
রুহুল কবির রিজভী বলেন, ‘আগামীকাল ৩১ ডিসেম্বর এবং আগামী পরশু দিন ১ জানুয়ারি। সাধারণত অনেকেই এই দুই দিন নানাভাবে উৎসব করেন, দিনটি উপভোগ করার চেষ্টা করেন। বাংলাদেশে যেহেতু পরিস্থিতি ভিন্ন রকম, এখানে মানুষের মনে আনন্দ নেই, মানুষের মন আজ বিষাদে পরিপূর্ণ। দেশ একটি আতঙ্কের মধ্যে।’
তারপরও বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের কথা ভেবে দুই দিন আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে বলে জানান রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) সমমনা দলগুলো এ কর্মসূচি পালন করবে।
রুহুল কবির রিজভী আরও বলেন, সরকারের পদত্যাগের একদফার আন্দোলন এখন বেশি ত্বরান্বিত হচ্ছে। প্রতিটি জনগণ আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে। নেতাকর্মীরা হাটে-মাঠে, ক্ষেতে-খামারে বাজারে-শপিংমলে জনগণকে আমরা লিফলেট দিয়েছি। তারা আমাদের কথা শুনছেন এবং সমর্থন দিচ্ছেন। কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি এবং গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকার ২০১৩, ২০১৪, ২০১৫ সালে যেভাবে ষড়যন্ত্র করেছে, সেটিই আবারও করছে। পুলিশ হয়রানি করছে, গ্রেফতার ও মামলা দিচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর হিংসার মাত্রা বেড়েই চলছে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয় জিঘাংসামূলক বক্তব্য দিয়েছেন, যা মিথ্যা ও কাল্পনিক। তিনি রাজনীতির নীতিনৈতিকতাকে মানছেন না। তারেক রহমান ও জিয়া পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রী যে ধরনের বক্তব্য দেন তা মিথ্যা ও কটূক্তিমূলক। কোনো দেশের প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্য দিলে সে দেশের জনগণের শালীনতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
রিজভী অভিযোগ করে বলেন, ‘আজকে সেই ৩০ ডিসেম্বর, সেই কালো দিন। ২০১৮ সালের এই দিনে এক নজিরবিহীন কারচুপির মধ্য দিয়ে দিনের ভোট রাতে করা হয়।
সংবাদ সম্মেলনে গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের প্রায় ১৫৫ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছয়টি মামলায় আসামি হয়েছেন ৪২৯ জনের বেশি।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১৩ দফা অবরোধ কর্মসূচি পালন করে। এরপর লিফলেট ও গণসংযোগ কর্মসূচি দিয়েছিল। পরে তা আরও দুই দিন বাড়ানো হয়। এ কর্মসূচি শেষ হবে আজ।










