আজই শেষ ৪৬তম বিসিএসে আবেদন
- আপডেটঃ ০৪:০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ১১১২ বার পঠিত
৪৩তম বিসিএস আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ১০ ডিসেম্বর, যা আবেদনের শেষ হচ্ছে আজ। এবার ৩ হাজার ১৪০ জন বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। এরপর আর সময় বাড়ানো হচ্ছে কি না তা এখনও সিদ্ধান্ত নেয়নি সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি সূত্র জানায়, গত ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত ৪৬তম বিসিএসে আবেদন পড়েছে ২ লাখ ৪০ হাজার ৯৮৩টি। আবেদন শেষের পর টেলিটক আবেদনকারীর চূড়ান্ত সংখ্যা জানাতে পারবে।
এদিকে আবেদনের সময় বাড়বে কি না, সে বিষয়ে রোববার কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি। পরীক্ষা শাখার কর্মকর্তারা বলছেন, ৪৫তম বিসিএসে আবেদন পড়েছিল ৩ লাখ ১৮ হাজার। এবার ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন পড়েছে ১ লাখ ৪৩ হাজার প্রার্থী। গত বিসিএসের তুলনায় আবেদন কম পড়েছে। এমনকি গত সাতটি সাধারণ বিসিএসের মধ্যে এটিই সর্বনিম্ন আবেদনের হার। হরতাল, অবরোধ ও জাতীয় নির্বাচনসহ বিভিন্ন কারণে এবার আবেদন কম পড়ছে বলে জানা গেছে। এছাড়া রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী স্নাতক বা সম্মান কিংবা সমমানের পড়াশোনা নির্ধারিত সময়ে শেষ করতে পারেননি। ফলে আবেদনে সাড়া কম। এই অবস্থায় আবেদনের সময় বাড়ানোর দাবি উঠেছে।
এই অবস্থায় আবেদনের সময় বাড়বে কি না, জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস বলেন, ৪৬তম বিসিএসের আবেদনের সময় আর বাড়ছে না, এটা ধরে নিয়েই প্রার্থীদের আবেদন করার অনুরোধ করব। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন চলবে। এরপর টেলিটক আমাদের চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা জানাতে পারবে। আবেদনের সময় বাড়বে কি না তা কাল বলা যাবে।
গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে শূন্য পদের হিসাবে গত ১০টি বিসিএসের মধ্যে এটি রেকর্ড।
এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে।এবার বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। বিসিএস প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস ক্যাডারে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে। আবেদন শেষে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে।
আবেদনকারীর বয়স ও বিশেষ নির্দেশনাঃ
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের জন্য বয়সসীমা হতে হবে ২১-৩০ বছর। অর্থাৎ সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী প্রার্থী ও স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে বয়সসীমা ২১-৩১ বছর। সাধারণ ও কারিগরি শিক্ষা ক্যাডারের জন্য শুধুমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ২১-৩২ বছর।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত বয়সসীমার কম বা বেশি হলে প্রার্থীর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এছাড়া চাকরিরত প্রার্থীকে অবশ্যই নিয়োগকৃত কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।










