সিরিজ সেরা হয়ে যা বললেন শরিফুল
- আপডেটঃ ০৫:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ৯৭৫ বার পঠিত
নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন বাঁ-হাতি তরুণ পেসার শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে জয়ের ম্যাচে আগুন ঝরানো বোলিং করেন তিনি। প্রথম টি-২০ জয়ের অন্যতম নায়কও তিনি।
নিউজিল্যান্ডে এবারের সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবমিলে ৯.৪ ওভারে মাত্র ৫৯ রান খরচায় ৬ উইকেট শিকার করেন শরিফুল।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ৪ ওভারে মাত্র ২৬ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিংলাইন আপ ভেঙে দেন শরিফুল।
বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া দ্বিতীয় ম্যাচে ২ ওভারে ১৬ রানে ১ উইকেট নেন তরুণ এই পেসার।
রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ১১০ রানে অলআউট হয়ে ডিএলমেথডে ১৭ রানে হেরে যায়। দলের পরাজয়ের ম্যাচে ৩.৪ ওভারে ১৭ রানে ২ উইকেট শিকার করেন শরিফুল।
বাংলাদেশ দলের হয়ে ৯টি টেস্ট, ৩৩টি ওয়ানডে আর ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা শরিফুল এই প্রথম সিরিজ সেরার পুরস্কার জিতলেন।
সিরিজ সেরা হওয়ার পর নিজের অফিসিয়াল ফেসবুকে ২২ বছর বয়সি এই তরুণ লেখেন- ‘আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো সিরিজ সেরা। আল্লাহর কাছে শুকরিয়া এত সুন্দর একটা বছর দেওয়ার জন্য। আগামী বছর আরো সুন্দর হোক, সবাই দোয়া করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’










