যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে হত্যা
- আপডেটঃ ০৬:১১:১১ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ১০০৯ বার পঠিত
যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) টেক্সাসের বিউমন্টে একটি দোকানে গুলিবিদ্ধ হন তিনি।
নিহত ওই শিক্ষার্থীর নাম শেখ আবির হোসেন ( ৩৪)। চলতি বছরের জানুয়ারিতে তিনি যুক্তরাষ্ট্রে যান। লামার ইউনিভার্সিটিতে গবেষণা সহকারী ছিলেন তিনি।
এ বিষয়ে কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত আবীর সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে। আমেরিকায় পড়াশোনার পাশাপাশি একটি আইফোন সেলস সেন্টারে পার্টটাইম চাকরি করতেন তিনি। সেখানে তার আইফোন সেলস সেন্টারে টাকা ও মালামাল লুট করার উদ্দেশ্যে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। তাদের লুটে বাঁধা দিয়ে মালিকের কাছে ফোন করার চেষ্টা করলে আবীরকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ আবির সেখানেই মারা যান।
স্থানীয় টিভি চ্যানেল কেএফডিএম জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবিরকে মৃত অবস্থায় দেখতে পায়।বিউমন্ট পুলিশ এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পরে ১৯ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছেন। অপরজন এখনো পলাতক।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়নের সদস্য খায়রুল ইসলাম বলেন, আবীর হোসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি ঢাবির সাবেক ছাত্র। লামার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকায় গিয়েছিলেন। সেখানে তিনি তার স্ত্রী ও দেড় বছরের কন্যাসন্তান নিয়ে বসবাস করতেন।
আবীর হত্যার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। তার অপ্রত্যাশিত হত্যাকাণ্ডের খবর শুনে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।










