জাপানে রানওয়েতে দুই উড়োজাহাজের সংঘর্ষ
- আপডেটঃ ০৭:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ১০৩৯ বার পঠিত
জাপানে দুই উড়োজাহাজে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
টোকিওর স্থানীয় সময় আজ মঙ্গলবার সন্ধ্যায় জাপান এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজে হানেদা বিমানবন্দরে অবতরণ করার পরপর আগুন ধরে যায়। উড়োজাহাজের ৩৭৯ জন আরোহীর সবাই নিরাপদে বেরিয়ে যান। পরে জানা যায়, রানওয়েতে অবতরণের পর যাত্রীবাহী উড়োজাহাজটির সঙ্গে কোস্টগার্ডের ত্রাণবাহী উড়োজাহাজের সংঘর্ষ হয়।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। তবে উড়োযানটি আগুনে পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
জাপানের পরিবহনমন্ত্রী তেতসুয়ো সেইতো বলেছেন, কোস্টগার্ডের উড়োজাহাজ থেকে পাওয়া তথ্যমতে উড়োজাহাজটির ক্যাপ্টেন বের হতে পেরেছেন। তবে উড়োজাহাজের পাঁচজন আরোহী নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কোস্টগার্ডের উড়োজাহাজের পাঁচজন ক্রু নিহত হয়েছেন। উড়োজাহাজে মোট কতজন আরোহী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, যাত্রীবাহী উড়োজাহাজটির একাংশে আগুন জ্বলছে। আগুনের শিখা উড়োজাহাজের জানালা দিয়ে বেরিয়ে আসছে। এ সময় রানওয়েতেও আগুন জ্বলতে দেখা যায়। উড়োজাহাজ থেকে দ্রুত আরোহীদের নামিয়ে আনেন উদ্ধারকর্মীরা।
জাপান কোস্টগার্ড বলেছে, তাদের উড়োজাহাজটি ত্রাণ নিয়ে ভূমিকম্পকবলিত এলাকায় যাচ্ছিল। টোকিওর হানেদা বিমানবন্দর থেকে জাপানের পশ্চিম উপকূলের নিইজাতা বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার কথা ছিল উড়োজাহাজটির।










