ব্রোকারদের সঙ্গে আলোচনায় বসছে বিএসইসি
- আপডেটঃ ০৫:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ৯৫৭ বার পঠিত
সদ্য সমাপ্ত ২০২৩ বছরটি দেশের শেয়ারবাজারের জন্য ভালো যায়নি। সূচকের নামমাত্র উত্থানের বিপরীতে এ সময়ে লেনদেনের পরিমাণ কমেছে উল্লেখযোগ্য হারে। এ ধারা বজায় রয়েছে নতুন বছরেও। এ বছরের প্রথম দুই কার্যদিবসেও সূচক ও লেনদেনে নিম্নমুখিতা দেখা যাচ্ছে। এ অবস্থার উত্তোরণে শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্রোকারদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে জানা গেছে, আজ বিকাল ৪টায় সিকিউরিটিজ কমিশন ভবনে শীর্ষ ব্রোকারদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে সভায় অংশগ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে। বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করবেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ‘লেনদেনের ভিত্তিতে শেয়ারবাজারের শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সভায় শেয়ারবাজারের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।’
শেয়ারবাজার পরিস্থিতি: গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের পতন হয়েছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় প্রায় ১০ পয়েন্ট কমে ৬ হাজার ২৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ২৪৩ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল প্রায় ২ পয়েন্ট কমে ২ হাজার ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৯২ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৬০ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিডি থাই অ্যালুমিনিয়াম, অলিম্পিক অ্যাকসেসরিজ, জেনেক্স ইনফোসিস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও এমারাল্ড অয়েলের শেয়ারের।
ডিএসইতে গতকাল ৫১৭ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪৪৪ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত ছিল ১৬৬টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২০ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১২ দশমিক ৮ শতাংশ দখলে নিয়েছে প্রকৌশল খাত। ১১ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। মোট লেনদেনের ১০ দশমিক ৮ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড খাত। আর ভ্রমণ ও অবকাশ খাতের দখলে ছিল লেনদেনের ৬ দশমিক ১ শতাংশ। গতকাল ডিএসইতে শুধু বিবিধ ও পাট খাতের শেয়ারে কিছুটা ইতিবাচক রিটার্ন এসেছে।
দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১২ পয়েন্ট কমে ১১ হাজার ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১১ হাজার ৬৭ পয়েন্টে।










