মুন্সীগঞ্জ-৩ নৌকার সমর্থককে গুলি করে হত্যা
- আপডেটঃ ১১:১৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ১১৪০ বার পঠিত
মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে গুলি করে হত্যা ও আরেকজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকদের বিরুদ্ধে।
বুধবার রাত সাড়ে ১২টায় সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের নৌকার ক্যাম্পে এই হামলা হয়। এতে ডালিম নামের নৌকার সমর্থক গুলিবিদ্ধ হয়। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ডালিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোহেল নামের আরেক সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে।
নিহত ডালিম মুন্সীকান্দি গ্রামের নুর হোসেন সরকারের ছেলে। তার তিন বছরের এক মেয়ে ও দুই মাসের এক ছেলে রয়েছে।
স্থানীয়রা জানান, কাঁচি প্রতীকের প্রার্থী হাজি মো. ফয়সাল বিপ্লবের সমর্থক মোল্লা কান্দি ইউপি চেয়ারম্যান মো. রিপন পাটোয়ারীর ভাই শিপন পাটোয়ারী ও সোহাগের নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল নৌকার ক্যাম্পের সামনে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ডালিম গুলিবিদ্ধ হন। তারা সোহেলকেও মারধর করে আহত করেন৷ পরে গুলিবিদ্ধ গুরুতর আহত ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডালিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো ইউনিয়নজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
হামলায় আহত সোহেল বলেন, আমরা নৌকার ক্যাম্পে অবস্থান করছিলাম। হঠাৎ করে রাত সাড়ে ১২টার দিকে শিপন পাটোয়ারীর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল ক্যাম্পে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে ডালিমকে গুরুতর আহত করে। এ সময় আমরা ডালিমকে বাঁচাতে এগিয়ে আসলে আমাকে পিটিয়ে আহত করে।
ডালিমের মামাশ্বশুর শাহিন মিয়া জানান, বুকের বাম পাশে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ডালিমকে মুন্সীগঞ্জের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
এই ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।










