শপথের পর যা বললেন সাকিব
- আপডেটঃ ০৬:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ৮৮২ বার পঠিত
মাগুরা-১ আসন থেকে প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
আজ বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যর সঙ্গে শপথ নেন সাকিবও। শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রিকেটের ক্যাপ্টেন।
শপথ গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাকিব বলেন, ‘দীর্ঘমেয়াদি কাজ করার যদি সুযোগ পাই, যদি সুযোগ হয় তাহলে সেভাবে কাজ করে যেতে চাই। মানুষ যেভাবে ভালোবেসেছে সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। দীর্ঘ সময়ের ব্যাপার। টেস্ট ম্যাচের মতো মনে করে খেলতে হবে। সেজন্য আমি প্রস্তুত আছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে সাকিব বলেন, ‘রাজনীতির মাঠে এক নম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জায়গা কেউ নিতে পারবে না। তার থেকে শিক্ষা নিয়ে যদি আমি কাজ করতে পারি, আমার মনে হয় সেটাই আমার জন্য যথেষ্ট হবে। একইসঙ্গে কোনো দায়িত্ব এলেও সেটা পালনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’
আজ সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনে নির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।










