ইংল্যান্ড দলের ভারত সফর, নতুন মুখ ৩
- আপডেটঃ ০৬:১৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ৯৫৫ বার পঠিত
বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে আবারো মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। লাল বলের ক্রিকেটে যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। আগামী জানুয়ারির শেষ দিকে অনুষ্ঠিত হবে সিরিজটি। এর জন্য তিন চমক রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
গতকাল সোমবার (১১ ডিসেম্বর) পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে ইসিবি। ভারতের মাটিতে হওয়া এ সিরিজে নেতৃত্ব দেবেন বেন স্টোকস। এটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
ইংল্যান্ড দলের এই সফর নিয়ে আতঙ্কিত ইংলিশ সাবেক তারকা ব্যাটসম্যান মার্কু চুসার। তিনি বলেছেন ভারতের মাঠে বিরাট কোহলি-রোহিত শর্মাদের হারানো চ্যালেঞ্জিং। প্রস্তুতির ঘাটতি থাকলে নিশ্চিত হার।
মার্ক বুচার বলেন, ‘আমি যদি এই দলে থাকতাম সত্যি কথা বলতে আতঙ্কিতই হয়ে যেতাম। তার কারণ দলের বেশিরভাগ খেলোয়াড় গত জুলাইয়ের পর আর টেস্ট ম্যাচ খেলেনি। দীর্ঘ বিরতির পর ভারতে গিয়ে খেলবে।’
তিনি আরও বলেন, ‘সিরিজের আগে অনুশীলন হবে, সেটা জরুরি। কিন্তু মাঠে নেমে ক্রিজে গিয়ে গার্ড নেওয়া, রান করা। নিজের উইকেট মূল্যবান ভাবা- এসব ব্যাপার আছে। লম্বা সময় প্রতিযোগিতার মধ্যে না রাখা আমাকে ভাবনায় ফেলছে।’
বুচার বলেন, ‘গত গ্রীষ্মেও অ্যাশেজের আগে এমন হয়েছিল। অ্যাশেজ খেলতে নেমে ২-০ ব্যবধানে পিছিয়ে যায়, পরে ঘুরে দাঁড়ায়। এবার ভারত সফরে ইংল্যান্ড দলে অভিজ্ঞতার অভাব আছে। ভালো স্পিনার কেউ নেই। ভারত তাদের দেশে হারে না। ওদের ওখানে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।’
ইংল্যান্ডের হয়ে ৭১টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ৮টি সেঞ্চুরি আর ২৩টি ফিফটির সাহায্যে ৪ হাজার ২৮৮ রান করেন মার্ক বুচার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮০ ম্যাচে অংশ নিয়ে ৩৮টি সেঞ্চুরি আর ৯৫টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ১৭ হাজার ৮৭০ রান।
৫১ বছর বয়সী এই সাবেক তারকা বলেন, ‘ভারতে গিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ইংল্যান্ড জিতবে এটা কেউ বিশ্বাস করে না। কিন্তু প্রস্তুতি না নিয়ে হেরে এলে কেউ মেনে নেবে না।’
ইংল্যান্ডের দল
বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলি, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট, মার্ক উড।










