গাজায় ইসরাইলি বিমান হামলায় আরও ৩৩ জন নিহত
- আপডেটঃ ০৩:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ৯৮৮ বার পঠিত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলের বর্বরোচিত বিমান হামলা অব্যাহত রয়েছে। আজ ইসরাইলের বর্বরোচিত বিমান হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহতও হয়েছে।
আজ সোমবার (১৫ জানুয়ারি) সকালে বিমান হামলা চালায় গাজা সিটির উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের ওপর হামলা করে ইসরাইল। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, উত্তর গাজায় চিকিৎসাসেবাও সীমিত হয়ে গেছে। ইসরাইলি হামলায় একের পর এক হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কোনো হাসপাতালই এখন আরও পরিপূর্ণ সেবা দেওয়ার অবস্থায় নেই বলে জানিয়েছে জাতিসংঘ।
এদিকে গাজার পাশাপাশি এবার পশ্চিম তীরেও উত্তেজনা বাড়ছে। রোববার সেখানে ইসরাইলি বাহিনীর হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। প্যালেস্টাইন লিবারেশন অরগ্যানাইজেশনের ওয়াসেল আবু ইউসেফ জানিয়েছেন, পশ্চিম তীরের পরিস্থিতিও খারাপ হতে শুরু করেছে।
গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরাইলি বাহিনী। গাজা ও পশ্চিম তীরে বিগত ১০০ দিনের সংঘাতে এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৩ হাজার ৯৬৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬০ হাজার ৫৮২ জন।
গাজায় ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে টেলিযোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্যালেস্টাইন টেলিকমিউনিকেশন কোম্পানি পালটেল।
সংস্থাটি জানিয়েছে, সেখানে টেলিযোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করতে গিয়ে তাদের দুই কর্মী নিহত হয়েছেন।










