বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
- আপডেটঃ ০১:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ৯৮৮ বার পঠিত
রাষ্ট্রনায়ক ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ বুধবার (১৭ জানুয়ারি) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচিতে বলা হয়েছে- দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বৃহস্পতিবার বেলা ২টায় রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা হবে। শুক্রবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে শাহিদ জিয়ার মাজারে সুরা ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।
রিজভী জানান, দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ ছাড়াও পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। সেই সঙ্গে অঙ্গ-সহযোগী ও পেশাজীবী বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে নিজ নিজ সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করবে এবং অন্যান্য কর্মসূচি পালন করবে। এছাড়াও দিবসটি উপলক্ষে সারাদেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।










