আবারও কমতে পারে তাপমাত্রা
- আপডেটঃ ১১:৪৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ৯৭১ বার পঠিত
কুয়াশায় ঢেকে গেছে রাজধানী। আজ বুধবার (২৪ জানুয়ারি) ভোর থেকেই ঢাকায় মৃদু শৈত্যপ্রবাহ, কুয়াশার ভারি চাদর আর কনকনে ঠান্ডা। তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানীতে রেকর্ড করা হয় ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সর্বনিম্ন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, আজ তাপমাত্রা বেড়ে যেতে পারে কিছুটা। সে অনুযায়ী, গতকালের চেয়ে আজ রাজধানীসহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে।
মঙ্গলবার দেশে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে, ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকালে নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম ও কিশোরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল রাজধানীতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আজ দেশের কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। গতকাল সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার বার্তা অনুযায়ী, ফরিদপুর অঞ্চলসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
অপরদিকে আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী দু–একদিনের মধ্যে তাপমাত্রা আবার কমে যাতে পারে বলে আবহাওয়াবিদদের পূর্বাভাস।
গতকাল রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। চার বিভাগ ছাড়াও শৈত্যপ্রবাহের আওতায় ছিল মৌলভীবাজার, ভোলা, কুমিল্লা ও বরিশাল জেলা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তবে জানুয়ারি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীত বাড়তে শুরু করেছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
উল্লেখ্য, চলতি মাসের শেষ নাগাদ খুলনা ও বরিশাল বিভাগে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তাছাড়া, দেশের বিভিন্ন জেলায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও এলাকায় বিস্তার ঘটাতে পারে।










