কুমিল্লা-ময়মনসিংহ সিটিসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা
- আপডেটঃ ০১:৩৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ৯৯৩ বার পঠিত
কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন, ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন ও ৯টি পৌরসভারসহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড মিলে ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম। এসব নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৯ মার্চ।
আজ বুধবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।
আগামী ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।
ইসি সচিব জানান, সেদিন যেসব ভোট হবে, তার মধ্যে সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন একটি, সিটি শূন্য পদে উপনির্বাচন চারটি, পৌরসভা সাধারণ নির্বাচন তিনটি, উপনির্বাচন ১৫টি, ইউপি সাধারণ নির্বাচন ১৩টি, উপনির্বাচন ১৯০টি এবং জেলা পরিষদে উপনির্বাচন ৭টি।
জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, এবং বরগুনা জেলার আমতলী পৌরসভায় সেদিন সাধারণ নির্বাচন হবে।
জেলা পরিষদে ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বাকি সব নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে।সিটি, পৌরসভা ও জেলা পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবং ইউপি নির্বাচনে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।
জাহাংগীর আলম বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।










