সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে, কমছে শৈত্যপ্রবাহের এলাকা
- আপডেটঃ ১১:১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ১০১১ বার পঠিত
আজ দেশের প্রায় সবখানে সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। রাজধানীতে গতকাল রোববারের চেয়ে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সর্বনিম্ন তাপমাত্রা কমার এই ধারা অব্যাহত থাকতে পারে। কাল মঙ্গলবারও শীতের প্রকোপ খানিকটা কমে যেতে পারে।
সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে।
অপরদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, দেশের প্রায় সবখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গেছে। রাজশাহী ও রংপুর বিভাগে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এর বিস্তৃতি আজ কমেছে। কাল আরও কমে যাবে। অর্থাৎ শৈত্যপ্রবাহের এলাকা কমে আসবে।
রাজধানীতে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।










