বিশ্ব ইজতেমার ময়দানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
- আপডেটঃ ০২:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ৯৯৯ বার পঠিত
৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি প্রায় সম্পন্ন। চলছে শেষ মুহূর্তের ধোয়ামোছা আর কিছু অবকাঠামো নির্মাণের কাজ। ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে আয়োজকরা বলছেন, প্রায় ৫০ লাখ লোকের সমাগম হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে।
সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায় দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার স্বেচ্ছাসেবী। কেউ নিচ্ছেন বাঁশ, কেউবা দড়ি দিয়ে বাঁধতে ব্যস্ত সর্বশেষ খুঁটিটি।
সরেজমিনে গিয়ে ইজতেমা মাঠ ঘুরে দেখা যায়, মূলমঞ্চের প্রস্তুতি প্রায় সম্পন্ন। শেষ মুহূর্তে চলছে ধোয়ামোছার কাজ৷ মঞ্চের কাজ যেটুকু বাকি রয়েছে, তা-ও শেষ মুহূর্তে সেরে নিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। ১৬০ একরের বিশাল ময়দানে টানানো হয়েছে শামিয়ানা। খুঁটিতে লাগানো হয়েছে মাইক, সংযোগ দেয়া হয়েছে বিদ্যুতের৷ প্রতিবারের মতো নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে বসানো হয়েছে সিসি ক্যামেরা। দেশি-বিদেশি মেহমানদের যেন কোনো সমস্যা না হয়, সেই চেষ্টাও করে যাচ্ছেন মুসল্লিরা।
মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ইসলামি এ মহাসম্মেলনে যোগ দেবেন দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি।ইজতেমাকে সফল করতে আয়োজকদের পাশাপাশি কাজ করছে বিভিন্ন সংস্থা। সার্বিক নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থাও গ্রহণ করেছে নানা ব্যবস্থা।
আয়োজকরা জানান, ২ ফেব্রুয়ারি থেকে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বুধবার থেকেই সারাদেশ ও বিদেশ থেকে মুসল্লিরা আসতে শুরু করবেন। এবার হয়তো মুসল্লিদের সংখ্যা আরও বাড়বে। প্রথম পর্বের আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের এ ঢল অব্যাহত থাকবে।
জানা যায়, প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় ২ ফেব্রুয়ারি থেকে অংশ নেবেন মাওলানা যোবায়েরের অনুসারীরা। চার দিন বিরতি দিয়ে মাওলানা সা’দ কান্ধলভীর অনুসারীরা ৯ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন। প্রথম পর্বে আগামী ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি ইজতেমার আয়োজন করছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা এবং চার দিন বিরতি দিয়ে ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের আয়োজনে।
২০১৮ সালে অভ্যন্তরীণ দ্বন্দ্বে তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারী ও মাওলানা জুবায়ের আহমদের অনুসারীরা আলাদা হয়ে যান। এরপর থেকে তারা টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা পৃথকভাবে পালন করে আসছেন। এবছরও দুপক্ষ ২ পর্বে ইজতেমার আয়োজন করেছে।










